আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত প্রায় ৪০০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:১৫

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এ ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের নবম পুলিশ এলাকার একটি মাদকাসক্তদের পুনর্বাসন হাসপাতালে বিমান হামলা চালানো হয়। হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী সেখানে অবস্থান করছিলেন।

তিনি বলেন, প্রায় দুই হাজার শয্যার ওই হাসপাতালের একটি বড় অংশ হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করি।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাবুলের নবম পুলিশ এলাকায় অবস্থিত মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

তবে আফগানিস্তানের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানি বাহিনী কাবুল ও পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা চালিয়েছে।

এ ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে এটিই অন্যতম তীব্র উত্তেজনার ঘটনা।
 
তথ্যসূত্র: এনডিটিভি, টোলো নিউজ

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top