আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানসহ একাধিক দেশে গতকাল রমজানের ৩০তম রোজা পালন শেষে আজ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদ উদ্যাপন করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে ঈদ উদ্যাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুবাই শহরে স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে ৯০০টিরও বেশি মসজিদে একযোগে জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
এই আয়োজন সমন্বয় করছে দুবাই রেজিলিয়েন্স সেন্টার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বছরও ঈদকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বিভিন্ন মসজিদে একযোগে তাকবির ও আজানের ধ্বনি প্রচার করা হবে, যা ঈদের আনন্দঘন পরিবেশকে আরও বেগবান করবে।
এর আগে আবুধাবিতে বৈঠক করে শাওয়ালের চাঁদ দেখা কমিটি জানায়, দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজানের শেষ দিন এবং শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন নির্ধারণ করা হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ঈদ উপলক্ষে আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
একইভাবে সৌদি আরবেও ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উৎসবের আমেজে বড় ধরনের প্রভাব পড়েনি।
মধ্যপ্রাচ্যের বাইরে অস্ট্রেলিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশেও ঈদ উদ্যাপন হচ্ছে। প্রতিটি দেশে স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় আবহে পালিত হচ্ছে পবিত্র এই দিনটি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।