ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০১:০৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিলুফার ইয়াসমিন (৪২) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ রোবার্ট জোয়াসিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী প্রথমে একটি গাড়ি ভাঙচুর করে এবং পরে দোকান থেকে বের হওয়া ইয়াসমিনের ওপর আক্রমণ চালায়।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি আরও একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন নিলুফার। তার মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।