ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৮ আরোহীর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৪:২৬
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। হেলিকপ্টারটিতে মোট আটজন ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়।
উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
দেশটির উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাব্য স্থানটি ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। পরে ওই স্থান থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের কিছু অংশ খুঁজে পান, যা হেলিকপ্টারটির লেজের অংশ বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয় উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য রয়েছেন।
সামরিক ও পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। জানা গেছে, হেলিকপ্টারটি একটি পাম তেল কোম্পানির এলাকায় পরিচালিত হচ্ছিল এবং এটি একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থার মালিকানাধীন ছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।