জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৭:৩৬
জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ইওয়াতে প্রদেশের উপকূলের অদূরে এ কম্পন অনুভূত হওয়ার পর আওমোরি প্রদেশ ও হোক্কাইডোসহ আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্কবার্তায় বলা হয়েছে, সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ উপকূলে আঘাত হানতে পারে।
এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে নদী তীর ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশি নাগরিকদের সতর্ক করতে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় জরুরি বার্তা প্রচার করা হয়। সেখানে সুনামির আশঙ্কা জানিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং ফিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর প্রভাবে রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়। কয়েক মিনিট ধরে সেখানে ভবনগুলো দুলতে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।