ভোট শুধু সরকার নয়, দেশের ভবিষ্যতও নির্ধারণ করবে:মুহাম্মদ ইউনূস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪০
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে নিয়ে ভোটকেন্দ্রে যান। আপনার ভোট শুধু সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে এবং জাতিকে নতুনভাবে গঠন করবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটকে এক ঐতিহাসিক মুহূর্ত আখ্যায়িত করে তিনি বলেন, “আজ আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের স্মরণে দাঁড়িয়ে আছি। আগামী পরশু অনুষ্ঠিত দুই ভোট দেশের ভবিষ্যত নির্ধারণ করবে।”
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, এবারের নির্বাচনে মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং স্বতন্ত্রসহ দুই হাজারেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করছেন। তিনি বলেন, “এটি শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়। এটি দেশের গণ-অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, যা দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে জনগণের জাগরণকে প্রকাশ করবে।”
তিনি নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা জানিয়ে বলেন, “রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে দায়িত্বশীল আচরণ করেছেন। তবে প্রচার-প্রচারণার সময় কিছু সহিংসতায় প্রাণহানি ঘটেছে, যা গণতন্ত্রের জন্য গ্রহণযোগ্য নয়।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণকে মনে করিয়ে দেন যে, ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নেওয়া সম্ভব, এবং এটি এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে গণ্য হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।