তিন ছাত্রী বহিষ্কার
মধ্যরাতে উত্তাল তিতুমীর কলেজ, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৮:১৮
রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে মধ্যরাতে বিরল এক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ছাত্রীনিবাস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন নারী শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। “হল কারো বাপের না, ছাত্ররাজনীতি চলবে না”সহ বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।
মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সম্প্রতি আবাসিক হলগুলোতে ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই অস্বস্তি তৈরি হয়। সাধারণ শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, এর মাধ্যমে আবারও হলভিত্তিক দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এর মধ্যে কমিটির সমালোচনা করায় অন্তত তিন শিক্ষার্থীকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তারা নিরাপদ ও নিরপেক্ষ আবাসিক পরিবেশ চান। তাদের মতে, আবাসিক হলে কোনো ধরনের দলীয় নিয়ন্ত্রণ থাকা উচিত নয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। অনেকেই অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব বাড়লে সাধারণ শিক্ষার্থীদের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয় এবং ভয়ের পরিবেশ তৈরি হয়।
এদিকে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল। পদবঞ্চিত একটি অংশ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভও করেছিল। তবে এবারের ঘটনায় ভিন্নতা হলো- দলীয় বিরোধ ছাড়িয়ে সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা সরাসরি মাঠে নেমেছেন।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিক্ষক ও হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
উল্লেখ্য, তিতুমীর কলেজে এর আগেও বিভিন্ন ইস্যুতে আন্দোলন হয়েছে। বিশেষ করে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে। সেই ধারাবাহিকতায় আবারও মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় প্রতিনিধিত্বের সংকট তৈরি হয়েছে। এর ফলে ক্যাম্পাসে দলীয় প্রভাব ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে, যার প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।
বিক্ষোভ শেষে পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বহিষ্কারের বিষয়টি সত্য প্রমাণিত হলে বা হলভিত্তিক রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ না এলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
নারী শিক্ষার্থীদের এই সক্রিয় অংশগ্রহণ তিতুমীর কলেজের চলমান পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।