মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

‘দাঁড়িপাল্লায় ভোট চাইতে’ মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, অতঃপর...

যশোর প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৫

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় মধ্যরাতে এক প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতার মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আনা হলেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

আটক সাব্বির হোসেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের একজন কর্মী বলে জানা গেছে। তিনি বাগআঁচড়া ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে। তবে সাব্বির হোসেনের দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতেই তিনি ওই নারীর বাড়িতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাব্বির হোসেনকে ওই নারীর কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে স্থানীয়রা নারী ও সাব্বির হোসেন—উভয়কে বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেন। অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে এসে কাউকে আটক না করে ছেড়ে দেয়।

স্থানীয়দের দাবি, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। ঘটনার রাতে পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হলে তারা কক্ষে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, “সাব্বির হোসেন জামায়াতের কোনো নেতা নন, তিনি একজন কর্মী। নির্বাচনের সময় একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।”

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে রয়েছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top