সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

৭৩ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৪

সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে নাফ নদে মাছ শিকারের সময় আটক ৬৬ জন বাংলাদেশি এবং সাতজন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় তাদের টেকনাফ ঘাটে দেশে আনা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ সময় পর দেশে ফিরে জেলেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। উপস্থিত পরিবার-পরিজনদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে জেলেদের ফিরিয়ে আনা হয়েছে। ধাপে ধাপে মিয়ানমারে আটক সকল বাংলাদেশি জেলেকে দেশে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলীয় জলসীমা থেকে অন্তত ৪২০ জন জেলেকে আরাকান আর্মি আটক করেছে।

সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা হুমায়রা বেগম বলেন, “আমার স্বামীকে অপহরণের পাঁচ মাস ধরে জানি না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। দুই সন্তান নিয়ে কষ্টে দিন কাটছে। আজ তিনি ফিরবেন এই আশায় বসে আছি।”

শাহপরীর দ্বীপের বাসিন্দা ছৈয়দ আলমও বলেন, “জেলেরা ফিরবে শুনে এখানে এসেছি। খুব খুশি লাগছে, তবে তালিকায় আমার ভাইয়ের নাম আছে কি না জানি না।”

বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশি জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়লে আরাকান আর্মি তাদের আটক করে এবং বিভিন্ন ক্যাম্পে আটকে রাখে। কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা বাহিনীর সমন্বিত মানবিক উদ্যোগ, আরাকান আর্মির ঊর্ধ্বতন পর্যায়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে আজ প্রথম ধাপে ৭৩ জনকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top