নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তুরস্কের ডেপুটি মিনিস্টার ঢাকায় আসছেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:১১
বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ঢাকায় আসছেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার এ বেরিস একিনজি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তুরস্ক সরকারের পক্ষ থেকে তাকে এই উচ্চপদস্থ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।
সূত্র জানায়, তিনি আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন এবং প্রোটোকল অনুসরণ করা হবে।
ডেপুটি মিনিস্টার এ বেরিস একিনজি ১৯৬৬ সালের ১৭ মে আঙ্কারায় জন্মগ্রহণ করেন। ২০১৬-২০২১ সালে তিনি হাভানা দূতাবাসে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত ছিলেন। ২০২৪ সালের ১৭ মে থেকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এসময় তিনি এনার্জি, পরিবেশ, আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সূত্রমতে, তিনি বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হতে পারে।
শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে শপথ গ্রহণ করবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
অনুষ্ঠানে তুরস্ক ছাড়াও আমন্ত্রিত অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন না; তার পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী প্রতিনিধিত্ব করবেন। ভুটানের প্রধানমন্ত্রী তশেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নলিন্দ জয়তিস অংশগ্রহণ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করেছে। বিদেশি নেতাদের উপস্থিতি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখানো হচ্ছে। অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হাজারখানেক অতিথি অংশগ্রহণ করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।