মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৮
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, এর আগে সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে শপথ গ্রহণ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করবেন।
নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংসদীয় নেতা নির্বাচিত হবেন, যিনি রাষ্ট্রপতির কাছে দলটির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্তির আবেদন করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ করানোর পর মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ পাঠ করাবেন।
সংবিধান অনুসারে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করতে হয়। শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। নির্বাচনে বিএনপি তারেক রহমান নেতৃত্বে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।