ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩১

ছবি: সংগৃহীত

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসা ও চরম অবহেলার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

নিহত নাঈমা আক্তার লিজা (২১) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মুজিবুল হকের স্ত্রী। শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের প্রায় ২০ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রসবব্যথা শুরু হলে শুক্রবার সকালে লিজাকে প্রথমে লস্করহাট এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে এক নার্সের পরামর্শে তাকে শহরের ওই ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে দ্রুত সিজার করার জন্য চাপ দেওয়া হয় এবং ২২ হাজার টাকায় চুক্তির মাধ্যমে ওই রাতেই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই লিজার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি একাধিকবার জানানো হলেও ক্লিনিক কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক বলে অবহেলা করে। পরদিন অবস্থার অবনতি হলে স্বজনরা চাপ দিলে চিকিৎসক ও কর্মীরা ক্লিনিক ত্যাগ করে পালিয়ে যান।

পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে সন্ধ্যার দিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে শনিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের একটি দল ক্লিনিকে অভিযান চালায়। অভিযানের সময় ক্লিনিকের মালিক, চিকিৎসক ও কর্মচারীরা পালিয়ে যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সিভিল সার্জন জানান, এর আগেও একই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, চিকিৎসকদের অবহেলার কারণেই তাদের সন্তানহারা হতে হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বর্তমানে নবজাতকটি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top