বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বৈশাখের আগে কাশিয়ানীতে নতুন শিল্পকলা ভবনের আশ্বাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪

ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা শিল্পকলা একাডেমিকে আধুনিক ও ডিজিটালাইজড করার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, আগামী বৈশাখের আগেই সংস্কৃতিমনা ছেলে-মেয়েদের প্রতিভা বিকাশের জন্য কাশিয়ানী উপজেলা শিল্পকলা একাডেমির জন্য একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে ডিজিটাল সুবিধা যুক্ত থাকবে, যাতে করে শিক্ষার্থীরা আরও উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক চর্চা করতে পারে। ভবিষ্যতে সেখানে একসঙ্গে বৈশাখ উদযাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

কাশিয়ানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, তিনি নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থার প্রতিদান দিতেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, বইয়ের স্টল ও পান্তা-ইলিশের আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

এছাড়া আয়োজন করা হয় কলাগাছে ওঠা, হাঁস ধরা ও হাঁড়ি ভাঙা সহ গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার, যা উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top