সংযুক্ত আরব আমিরাতের শারজায় মো. হেলাল (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করে সুষ্ঠু তদন্ত এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানায়। এর আগে ১১ এপ্রিল শারজাহ শহরের ১০ নম্বর শিল্পাঞ্চলের একটি কর্মস্থলের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।
পরিবারের দাবি, ২০২৩ সালের নভেম্বর মাসে উন্নত জীবনের আশায় তিনি সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে তিনি একটি পেইন্ট কন্ট্রাকটিং প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কাজ করতেন। এর আগে তার ভাইও একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, পরে তিনি দেশে ফিরে আসেন।
স্বজনরা জানান, সহকর্মীর মাধ্যমে হেলালের মৃত্যুর খবর পেলেও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাদের অভিযোগ, হেলালকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হতে পারে।
হেলালের বাবা নুর আলম বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সরকারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি। পাশাপাশি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা চাই।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম জানান, এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের কাছে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।