দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় ধাক্কা খেলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার করা ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
বৃহস্পতিবার দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আগের একক বিচারপতির রায় বহাল রাখে। ফলে ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে করা মামলায় কোনো ধরনের স্বস্তি পাননি এই অভিনেত্রী।
মামলার সূত্রপাত ২০০৮ সালের একটি বিজ্ঞাপন চুক্তিকে কেন্দ্র করে। ওই সময়ে তামান্না ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন মুখ হিসেবে চুক্তিবদ্ধ হন।
অভিযোগ অনুযায়ী, ২০০৯ সালে চুক্তির মেয়াদ শেষ হলেও পরবর্তীতে তার অনুমতি ছাড়াই বিভিন্ন পণ্যের মোড়কে তার ছবি ব্যবহার করা হয়। বিশেষ করে ২০১০ সালের শেষ দিক থেকে ২০১১ সালের শুরুর কয়েক মাসে তৈরি সাবানের প্যাকেটেও তার ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২০১১ সালের শুরুতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠান তামান্না। সন্তোষজনক জবাব না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়ে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন।
তবে আদালত শেষ পর্যন্ত তার আবেদন গ্রহণ করেনি এবং জানিয়ে দেয়, এ মামলায় হস্তক্ষেপের প্রয়োজন নেই।
এই রায়ের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে তারকা ব্যক্তিত্বের ছবি ও পরিচয় অনুমতি ছাড়া ব্যবহারের বিষয়টি, যা নিয়ে বিনোদন অঙ্গনে আইনি সচেতনতা বাড়ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।