আজ প্রোপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯
আজ ‘প্রোপোজ ডে’। ভালোবাসার মানুষের কাছে নিজের মনের কথা জানানোর জন্য ভ্যালেন্টাইনস সপ্তাহের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন এটি। প্রতি বছর ৮ ফেব্রুয়ারি এই দিনটি উদযাপিত হয়, যা ভালোবাসা দিবসের আগে আবেগ প্রকাশের এক বিশেষ উপলক্ষ।
ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। এটি এমন একটি অনুভূতি, যা অনেক সময় প্রকাশের চেয়ে অনুভবেই বেশি ধরা পড়ে। শৈশবকাল থেকে রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো চিরন্তন প্রেমকাহিনি আমাদের ভালোবাসার অর্থ শিখিয়েছে—যেখানে দুই হৃদয়ের গভীর সংযোগই মুখ্য।
১৪ ফেব্রুয়ারির প্রতীক্ষিত ভালোবাসা দিবসের আগে ভ্যালেন্টাইনস সপ্তাহে প্রিয় মানুষকে নিজের অনুভূতির কথা জানানোর জন্য ‘প্রোপোজ ডে’ একটি আদর্শ সময়। তবে ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাইবার আগে তার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সম্মতি প্রকাশ পেতে পারে শালীনতা, সম্মান ও আন্তরিকতার মধ্য দিয়েই।
ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’র মাধ্যমে। যারা প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার সুযোগ পাননি, তারা আজকের দিনটি ব্যবহার করতে পারেন ভালোবাসা প্রকাশের জন্য। কারণ প্রোপোজ করা মানেই শুধু কথা বলা নয়—এটি একটি দায়িত্ব, একটি আবেগী সিদ্ধান্ত।
প্রিয় মানুষের সামনে মনের কথা বলা কখনোই সহজ নয়। কী বলবেন, কীভাবে বলবেন—এসব আগে থেকেই ভেবে নেওয়াই ভালো। কারণ প্রোপোজ এমন একটি মুহূর্ত, যা জীবনে সাধারণত একবারই আসে। সঠিক সময় ও সঠিক অনুভূতিতে দেওয়া প্রস্তাবই এনে দিতে পারে কাঙ্ক্ষিত ভালোবাসা।
অপরপক্ষ যদি আপনার প্রস্তাব গ্রহণ করে, তবে তা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ। সারাজীবন একজন মানুষ আপনার পাশে থাকতে আগ্রহী—এই ভাবনাই জীবনকে করে তোলে আরও সুন্দর। সেই যাত্রার শুরু হয় একটি প্রোপোজ দিয়েই।
এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে কিছু ভালোবাসার উক্তি তুলে ধরা হলো—
-
কিছু সময় স্বপ্নের চেয়েও বাস্তব বেশি সুন্দর হয়। ঠিক সেই কারণেই আমি তোমাকে ভালোবাসি।
-
পৃথিবীর আনাচে-কানাচে বহু প্রেমকাহিনি লুকিয়ে আছে, কিন্তু আমাদের গল্পটাই কি সবচেয়ে মিষ্টি হবে না?
-
হয়তো আমাদের অজান্তেই কেউ আমাদের ভবিষ্যৎ এক সুতোয় বেঁধে রেখেছে।
আমাদের চারপাশের পৃথিবী খুবই ছোট। সেই ছোট পৃথিবীতেই যদি এমন একজন মানুষ পাওয়া যায়, যার সঙ্গে নীরবতাও কথা বলে—তাহলে ভালোবাসায় আর কোনো ভয় থাকে না। আজ প্রোপোজ ডে-তে এমন একজন মানুষ খুঁজে পাওয়ারই প্রত্যাশা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।