মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ভোটের প্রচারণা চালালে জেল-জরিমানা, প্রয়োজনে প্রার্থিতা বাতিল করবে ইসি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২০

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধের নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে কোনো প্রার্থী বা সমর্থক জনসভা, মিছিল বা শোভাযাত্রা চালালে তা আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে। কমিশন চাইলে জেল, জরিমানা বা প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নিতে পারবে।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা থেকে ভোটের পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো জনসভা, মিছিল বা মাইকিং করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন প্রচারণা বা উসকানিমূলক বার্তা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

আইনি বিধান অনুযায়ী, কোনো প্রার্থী বা তার এজেন্ট বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। আরও গুরুত্বপূর্ণ, কমিশন যদি মনে করে কোনো প্রার্থী নিয়ম ভঙ্গ করেছে, তদন্তের পর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সারাদেশে বিশেষ টিম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নজরদারি করছেন। শুধু মাঠে নয়, ডিজিটাল প্রচারণাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৬১টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৫৯টি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ তিন দিনে (৬-৮ ফেব্রুয়ারি) ৭০টির বেশি ঘটনা ধরা পড়েছে এবং কয়েক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কমিশন আশ্বস্ত করেছে যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top