রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সরকার কাজ করছে: পরিবহনমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৪:২৪

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলো পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার রাজধানীর ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টার, গুলিস্তান বাসস্ট্যান্ড এবং সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাসে থাকা যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং যাত্রাপথে কোনো ধরনের সমস্যা বা হয়রানির মুখোমুখি হচ্ছেন কি না সে বিষয়ে খোঁজখবর নেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার এবারের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নিরলসভাবে কাজ করছে। মানুষ যেন স্বস্তির সঙ্গে বাড়ি ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, মহাসড়কের বিভিন্ন টোল প্লাজায় রোজাদার যাত্রীদের জন্য সীমিত পরিসরে ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রাপথে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে নিকটবর্তী হাসপাতালগুলোকে আগাম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। সম্ভাব্য যানজটপ্রবণ এলাকাগুলো আগেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হকসহ পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনের নেতারা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top