রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু হবে কাল; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৬:০৩

ছবি: সংগৃহীত

খরা মৌসুমে সেচের পানির সংকট দূর করা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে খাল পুনঃখনন কর্মসূচি। আগামীকাল সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন করা হবে এবং সেখানে একটি জলনিয়ন্ত্রণ গেট নির্মাণ করা হবে। উদ্বোধনের আগে সার্বিক প্রস্তুতি দেখতে এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর খাল খনন কর্মসূচির আদলে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রতিবছর বন্যার কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। খালটি পুনঃখনন করা হলে এলাকায় সেচের পানির সংকট অনেকটাই কমে যাবে। এতে কৃষকরা বেশি জমিতে আবাদ করতে পারবেন এবং কৃষি উৎপাদনও বাড়বে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, খালটির পুনঃখনন শেষ হলে ওই অঞ্চলের প্রায় ছয় হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে।

দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, বর্ষা শেষে অনেক সময় কৃষকরা পানির সংকটে পড়েন। খালটি খনন করা হলে বর্ষার পানি সংরক্ষণ করা সম্ভব হবে এবং শুষ্ক মৌসুমেও কৃষকরা ফসল আবাদ করতে পারবেন।

এদিকে খালটি পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সারা দেশে একযোগে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় এক হাজার দুইশ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top