বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

ছবি: সংগৃহীত

দেশে সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। এসব পদে নিয়োগ প্রক্রিয়ায় মুখস্থ নির্ভর সিলেবাস বাদ দিয়ে দক্ষতাভিত্তিক মূল্যায়ন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্পিকারের অনুমতি নিয়ে এবং ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম শ্রেণির (১ম থেকে ৯ম গ্রেড) ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণির (১০ম থেকে ১২তম গ্রেড) ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য আরও ৮ হাজার ১৩৬টি পদ খালি আছে।

আবদুল বারী বলেন, ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পরিকল্পনার মাধ্যমে এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে। স্বচ্ছতার সঙ্গে প্রায় ৫ লাখ কর্মচারী নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধাভিত্তিক হচ্ছে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত রয়েছে।

সংসদ সদস্য হারুন-অর-রশিদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিসিএস পরীক্ষায় মুখস্থ নির্ভরতা কমাতে সিলেবাস পরিবর্তনের কাজ চলছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার পদ্ধতি পর্যালোচনা করছে। পাশাপাশি মৌখিক পরীক্ষায় প্রার্থীর জ্ঞান ও মানসিকতা যাচাইয়ে যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

অন্যদিকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসনে ১২ জনকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জনকে বরখাস্ত এবং ৫৬৪ জনকে বিশেষ দায়িত্বে সংযুক্ত করা হয়েছিল। নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top