রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

এলাকার সন্তান পরিচয়ে সবার কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৬

ছবি: সংগৃহীত

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর সন্তান পরিচয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই এলাকার সঙ্গে তার পারিবারিক ও ব্যক্তিগত জীবনের গভীর সম্পর্ক রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান। মঞ্চে উঠে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন।

তারেক রহমান বলেন, তিনি শৈশব থেকে এই এলাকায় বেড়ে উঠেছেন। এখানেই তার ও তার ভাইয়ের সন্তানদের জন্ম, পাশাপাশি পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও এই এলাকার সঙ্গে জড়িয়ে। এ কারণে এলাকার মা-বোন ও ভাইদের কাছে তিনি ধানের শীষে ভোট দেওয়ার বিনীত অনুরোধ জানান।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি ব্যস্ত সড়কের ওপর আয়োজন করা হয়েছে, তাই বক্তব্য দীর্ঘ করবেন না।

নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে, যাতে নারীসহ সব নাগরিক যেকোনো সময় নিরাপদে চলাচল ও ব্যবসা-বাণিজ্য করতে পারেন।

এছাড়া তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন সড়ক পর্যন্ত রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন। বক্তব্যের শেষদিকে তিনি আবারও ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top