শেষ মুহূর্তের প্রচারণা: ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬
আর মাত্র চার দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় বড় ধরনের গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন। এর মধ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভা অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।
ঘোষিত সূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে জনসভা শুরু করবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠে জনসভা করবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি জনসভাই সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা সহজে পৌঁছে দেওয়া যায়।
এদিকে পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনসহ মোট আটটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ওইদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠে জনসভা শেষে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে তার নির্বাচনি সফর শেষ করবেন তিনি।
মাহদী আমিন আশা প্রকাশ করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব জনসভা সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।