মাগুরা-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে যুবদল নেতার মূল ভূমিকা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন নিতাই রায় চৌধুরী। তিনি ১,৪৭,৮৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জোট মনোনীত প্রার্থী মুরতারশেদ মোল্লা পেয়েছেন ১,১৭,০১৮ ভোট। ভোট ব্যবধান ৩০ হাজার।
প্রার্থী মনোনয়নের প্রেক্ষাপটেও ছিল চমক। নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। দল নিতাই রায়কে মনোনয়ন দেয়, নবীন নয়ন দলকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, আর সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক পরে দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নিতাই রায় চৌধুরীর জয় নিশ্চিত করতে যুবদল নেতা নয়ন দিনরাত ধরে গ্রুপ বিভাজিত নেতাকর্মীদের একত্রে নিয়ে কাজ করেছেন। শালিখা ও মোহাম্মদপুরের প্রায় সব ইউনিয়ন পরিষদের নেতাদের নয়নের অনুরোধে নিতাই রায় চৌধুরীর পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করা হয়।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিল্টন মুন্সী বলেন, “নয়ন উদ্যোগ না নিলে নিতাই রায় চৌধুরী জয়লাভ করতে পারতেন না।” কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনও বলেন, “নয়ন না থাকলে জয় কঠিন হতো। তিনি নেতাদের বারবার বলেছিলেন, ভোট প্রার্থী নয়, ধানের শীষ মার্কায় দিন।”
রবিউল ইসলাম নয়ন নিজে বলেন, “আমি দলের ও আমার নেতা তারেক রহমান-এর নির্দেশ পালন করেছি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, মাগুরা-২ আসনে ধানের শীষকে জয়ী করব, এবং আমি আমার কথা রেখেছি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।