ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৩
ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৪, ১৬ ও ১৮ এই তিন আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর আরও বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হয়েছে, যাতে ভুল বা উসকানিমূলক তথ্য প্রচার না হয়।
তিনি জানান, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করবে সেনাবাহিনী। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।