মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নির্বাচনী নিষেধাজ্ঞার আগেই ঢাকায় তীব্র যানবাহন সংকট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ঘোষিত তিন দিনের যানবাহন চলাচল নিষেধাজ্ঞা কার্যকরের আগেই রাজধানী ঢাকায় তীব্র যানবাহন সংকট দেখা দিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাত থেকেই নগরীর বিভিন্ন এলাকায় গণপরিবহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গন্তব্যে পৌঁছাতে রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করছেন। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস বা গণপরিবহন পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কেউ ঝুঁকিপূর্ণভাবে বাসে ঝুলে, আবার কেউ হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

যানবাহন সংকটের বিষয়ে বিআরটিসির এক বাসচালক জানান, অধিকাংশ বাস বর্তমানে ‘রিকুইজিশনে’ নেওয়া হয়েছে। এ কারণে সন্ধ্যার পর রাজধানীতে গণপরিবহন পাওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বের হয়ে বাসায় থাকার পরামর্শ দেন।

নিষেধাজ্ঞা কার্যকরের আগেই এমন পরিস্থিতিতে নগরবাসীর ভোগান্তি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সাবিকুন নাহার সাদিয়া, প্রতিবেদক

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top