পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৫
তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার আসিম মুনির তেহরানে পৌঁছানোর পরই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বৈঠকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তিনি লেবানন ইস্যুতে অগ্রগতির ক্ষেত্রে হিজবুল্লাহর প্রতিরোধ ও প্রতিরোধ ফ্রন্টের ঐক্যকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানান।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি বার্তা সংস্থা ইসনা-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধের হুমকি দিলেও ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় ইরান নিজেদের শর্তে কোনো ধরনের আপস করবে না।
যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজের অধিকার কখনোই ছাড়বে না।
অন্যদিকে রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি এই অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তার মতে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, নতুন এই পরিস্থিতিতে তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।