‘ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান’, যুদ্ধ কি অনিবার্য?
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিওস।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ট্রাম্পকে জানিয়েছেন—ইতিহাস বলছে, তেহরানের সঙ্গে কার্যকর ও দীর্ঘস্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।
এর আগে ওয়াশিংটন সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-ও ট্রাম্পকে একই ধরনের সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি হলেও তা মানবে না তেহরান।
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চুক্তিতে না এলে ইরানের ওপর হামলা অনিবার্য—এমন হুঁশিয়ারি বারবার দিয়ে আসছেন ট্রাম্প।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা পুনরুজ্জীবিত করতে সম্প্রতি ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকদের বৈঠক হয়েছে। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা, যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।
সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সব ধরনের বিকল্প খোলা রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।