বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৬

ছবি: সংগৃহীত

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকায় বড় ধরনের অভিযান চালিয়ে ১১ জন ‘বাংলাদেশি’ নারীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সাত দিনের মধ্যে এটি ছিল ওই অঞ্চলে পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি একই এলাকা থেকে দুজন বাংলাদেশি নারী ও কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি দল একযোগে বিভিন্ন ভবন ও যৌনপল্লিতে তল্লাশি চালায়। মূল লক্ষ্য ছিল অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহব্যবসায় নিয়োজিত নাবালিকাদের শনাক্ত করা।

পুনে পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, যেসব ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছে, সেগুলো সিলগালা করার উদ্যোগ নেওয়া হবে। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনে মামলা দায়েরের পাশাপাশি উদ্ধার নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হবে।

এর আগে গত বছরের অক্টোবরে পুনেতে পৃথক অভিযানে দুই বাংলাদেশি তরুণীকে উদ্ধার করা হয়। তাদের একজন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে কাত্রজ এলাকায় আটকে রাখার অভিযোগ জানান। পরবর্তীতে অভিযান চালিয়ে কাত্রজ ও আম্বেগাঁও-পাঠার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ‘বিউটি পারলার’-এ চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল।

এ ঘটনায় ধনকাওয়াদি এলাকার বাসিন্দা রজু পাটিলকে গ্রেপ্তার করা হয়েছে; তার স্ত্রীকেও সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে বুধওয়ার পেথসহ আশপাশের এলাকায় একাধিক পাচারচক্র সক্রিয় থাকার প্রমাণ মিলেছে। ভুয়া চাকরির প্রলোভন ও দালাল চক্রের মাধ্যমে এই আন্তসীমান্ত মানবপাচার নেটওয়ার্ক গড়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চক্রটির শিকড় শনাক্ত করে ভবিষ্যতে এমন প্রতারণা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top