বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ইরাক থেকে মার্কিন নারী সাংবাদিক অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:২৭

সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরই মধ্যে ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযোগ— ইরান-সমর্থিত একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী এই অপহরণের সঙ্গে জড়িত।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, অপহৃত সাংবাদিককে দ্রুত উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছে। মার্কিন সরকারের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী সচিব ডিলান জনসন সামাজিক মাধ্যমে জানান, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে কাতায়েব হিজবুল্লাহ নামক একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে ইরাকি কর্তৃপক্ষ আটক করেছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অপহরণকারীরা একটি গাড়িতে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনী তাদের পথরোধ করে। এ সময় পালানোর চেষ্টাকালে গাড়িটি উল্টে যায়। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেপ্তার এবং অপহৃত সাংবাদিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করা হলেও বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক অধিকার সংস্থার তথ্য অনুযায়ী, অপহৃত সাংবাদিকের নাম শেলি কিটলসন। তিনি দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইরাক থেকে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করে আসছিলেন এবং আল-মনিটরসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত লিখতেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top