শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

আরও একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১২:৫৫

সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের আকাশসীমা দিয়ে উড়ার সময় যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, ভূপাতিত বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে পাইলটের বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে, মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম বার্তায় বলেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটে, ফলে পাইলটের পক্ষে নিরাপদে বের হওয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এর আগে আইআরজিসি আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও সেটি অস্বীকার করে যুক্তরাষ্ট্র। সে ঘটনায় জানানো হয়, একটি এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করে এবং পাইলট নিরাপদে ছিলেন। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, ঘটনাটি তদন্তাধীন।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির দাবিও সামনে এসেছে। ফেব্রুয়ারি ২৮ থেকে সংঘাতে জড়ানোর পর যুক্তরাষ্ট্র প্রায় ১২টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া সৌদি আরবের একটি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও তা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমান ২০১৮ সাল থেকে বিভিন্ন মিশনে ব্যবহৃত হলেও শত্রুর হামলায় ভূপাতিত হওয়ার কোনো নিশ্চিত তথ্য আগে পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top