একই হোটেলে, ট্রাম্পের উপর হামলার চার যুগ আগে হামলার শিকার হন আরেক প্রেসিডেন্টে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮
শনিবার রাতে ওয়াশিংটন হিলটন-এ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় হঠাৎ গুলির ঘটনায় পুরো এলাকা কেঁপে ওঠে। নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
ঘটনার পরপরই হোটেল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিক্রেট সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এই একই হোটেল একবার নয়, বরং ইতিহাসে আরও ভয়াবহ এক ঘটনার সাক্ষী। প্রায় চার দশক আগে, ১৯৮১ সালে এখানে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান-কে।
১৯৮১ সালের ৩০ মার্চ, ওয়াশিংটন হিলটনের বাইরে এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় রিগানের ওপর গুলি চালায় জন হিঙ্কলি জুনিয়র। আকস্মিক ওই হামলায় একটি গুলি তার বাম বগলের নিচে লাগে, যা ফুসফুসে গুরুতর ক্ষতি করে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়।
সে ঘটনায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং একজন পুলিশ কর্মকর্তাও আহত হন। পরে রিগানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং টানা ১২ দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
এবারের ঘটনায় কর্মকর্তারা জানান, একজন বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা করেন এবং একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ওই এজেন্ট সুরক্ষামূলক বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।
ঘটনার সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
বিশ্লেষকদের মতে, একই স্থানে দুই ভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্টদের ঘিরে এমন নিরাপত্তা সংকট আবারও যুক্তরাষ্ট্রের ভিআইপি নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে এবং পুরোনো ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।