টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলিবর্ষণ, শিশুসহ ৫ জন আহত
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের গুলিতে ৩ শিশুসহ মোট ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ২০-২৫ জন সমর্থক একটি মিনিট্রাক (ডাম্পার) থেকে নাচ-গান ও স্লোগানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমে। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা জনতার দিকে গুলি ছুড়লে ৫ জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং লোকজন ছোটাছুটি শুরু করে।
আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধরা হলেন— হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), পার্শ্ববর্তী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) এবং ডি-৪ ব্লকের নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বাচা মিয়া জানান, তিনি আলীখালী এলাকায় একটি বিয়ের ডেকোরেশনের কাজে ছিলেন। কিছু দূরে বিএনপির একটি প্রচারণা গাড়ি থেকে শব্দ আসছিল। হঠাৎ গুলির শব্দ হলে প্রথমে তিনি বারুদের আওয়াজ ভেবেছিলেন। পরে হাতে গুলিবিদ্ধ হয়ে বিষয়টি বুঝতে পারেন।
আব্দুর রহমান বলেন, নামাজ শেষে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে প্রচারণা দেখছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুলিবিদ্ধ শিশু নুসরাত জান্নাত রাফির মা ছমিরা বেগম জানান, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ তার মেয়ের পিঠে দুটি গুলি লাগে। অপরদিকে শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গুলির ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ক্যাম্প এলাকায় দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপির একটি প্রচারণা ট্রাক ওই এলাকায় যাওয়ার সময় জনসমাগম হয়। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।