বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মোটরসাইকেলে এসে নারীর ব্যাগ ছিনতাই, একজন ধরা পড়ল সিলেটে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৩:২৮

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত রশিদ আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোররাতে সিলেটের কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রশিদ আহমদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় এক নারীর পথরোধ করে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী। পরে তারা ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় ভুক্তভোগী নারী হতবিহ্বল হয়ে পড়েন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তে একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top