ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা হেলাল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:০১
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
বুধবার (১৫ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই জেলার হামিদুল হক আর্মস অ্যান্ড কোং নামের একটি অস্ত্রের দোকানের মালিক।
মামলার বিবরণে বলা হয়, গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে প্রথমে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ ও নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন হাদি।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে গুরুতর আঘাত এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।