বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪০

সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, তিনি রাস্তায় পান ও সিগারেট বিক্রি করা এক ব্যক্তির সঙ্গে কথা বলার পর তার হাতে এক হাজার টাকার নোট তুলে দেন।

২০০৮ সালের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচন-পূর্ব সময়ে প্রার্থী কোনও নির্বাচনী এলাকায় বা অন্যত্র প্রকাশ্যে বা গোপনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান প্রদান করতে পারেন না। তাই এই ভিডিওটি সমালোচনার ঝড় তোলেছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর শাহরিয়ার কবির নিজেই ফেসবুক পেজে ‘মানবিক আবেদন’ শিরোনামে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, “গত শনিবার মিরপুর এলাকায় গণসংযোগের সময় একজন পান ও সিগারেট বিক্রেতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। জানতে পারি, তার সারাদিন ভালো বিক্রি হয়নি। মানবিক দিক বিবেচনা করে আমি সবার সম্মুখে এবং ক্যামেরার সামনে তাকে এক হাজার টাকা দান করি। সেই একই স্থানে কিছু শিশুদের র‌্যাকেট কেনার জন্যও কিছু টাকা দান করি। মিডিয়াকে স্পষ্টভাবে বলি, এটি মানবিক সাহায্য, অন্যভাবে দেখার সুযোগ নেই।”

তিনি আরও লিখেছেন, “ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, কিন্তু কিছু গণমাধ্যম ও ব্যক্তি এটিকে অন্যভাবে প্রচার করার চেষ্টা করেছেন। আমি অত্যন্ত মর্মাহত। যদি কারো কষ্ট হয়ে থাকে, আমি ক্ষমাপ্রার্থী।”

ভিডিওতে দেখা যায়, বয়স্ক ব্যক্তি শাহরিয়ার কবিরকে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তিনি বলেন, “আমরা মুসলমান। একমাত্র আল্লাহ ছাড়া আর কার ক্ষমতা আছে ভালো করার? রিজিকের মালিক কে?” উত্তরে ব্যক্তি বলেন, “আল্লাহ।” এরপর তিনি ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার নোট গুজে দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top