শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৫৮

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ লাখ অভিবাসীকে বৈধতার আওতায় আনতে সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে স্পেন সরকার। এই তালিকায় বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে আবেদনকারীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। আগামী ১৬ এপ্রিল থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। শুরুতে অনলাইনে আবেদন করা যাবে, পরে ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের সময়সীমা চলবে ৩০ জুন পর্যন্ত।

স্পেনের অভিবাসনমন্ত্রী ইলমা সেইজ জানিয়েছেন, যেসব অভিবাসী ১ জানুয়ারির আগে দেশটিতে প্রবেশ করেছেন এবং অন্তত পাঁচ মাস ধরে বসবাস করছেন, তারাই এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিবাসী দীর্ঘদিন ধরে দেশটির শ্রমবাজারে অবদান রেখে আসছেন। তাই তাদের বৈধ মর্যাদা দেওয়া সময়োপযোগী ও ন্যায্য পদক্ষেপ। প্রধানমন্ত্রী সানচেজও এটিকে ন্যায়বিচারের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

তবে এ সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী পক্ষের দাবি, এতে অভিবাসন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top