মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

নেতানিয়াহুর কফি খাওয়ার ভিডিও এআই দিয়ে বানানো; দাবি ফ্যাক্টচেকারদের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৯

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে একটি কফির দোকানে বসে কফি পান করতে দেখা যায়। সেখানে তাকে নিজের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে কথা বলতেও শোনা যায়। তবে তথ্য যাচাইকারীরা বলছেন, ভিডিওটি আসল নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি তার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়। ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু বেশ হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক ভঙ্গিতে বসে কফি পান করছেন এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়া নিজের মৃত্যু সংক্রান্ত গুজব নিয়ে হালকা মেজাজে মন্তব্য করছেন। এমনকি বিষয়টি নিয়ে তিনি মজাও করেন।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞ ও তথ্য যাচাইকারীদের মতে, ভিডিওটিতে বেশ কিছু অস্বাভাবিক বিষয় দেখা যায়, যা এটিকে ভুয়া বলে সন্দেহ জাগায়। যেমন- কফির কাপটি জোরে নাড়ানো হলেও ভেতরের কফি উপচে পড়তে দেখা যায় না। আবার কফিতে চুমুক দেওয়ার পরও কাপের কফির পরিমাণ কমতে দেখা যায় না। এছাড়া তার পকেটের কাপড় অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে বলেও লক্ষ্য করা গেছে। ভিডিওর পেছনে থাকা ক্যালেন্ডারে পুরোনো তারিখ দেখা যাওয়াও সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগেও ইন্টারনেটে নেতানিয়াহুকে নিয়ে আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে তার হাতে ছয়টি আঙুল দেখা যায়। সেই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে।

এদিকে অনলাইনে কিছু ব্যবহারকারী দাবি করছেন, নেতানিয়াহুর মৃত্যুর খবর গোপন রাখতে এমন ভিডিও প্রকাশ করা হচ্ছে। অনেকে উদাহরণ হিসেবে সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শেরন-এর দীর্ঘ অসুস্থতার সময়কার ঘটনাও উল্লেখ করছেন। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

তথ্য যাচাইকারীরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বা তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বর্তমানে বাস্তবের মতো দেখতে ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব, যা সহজেই বিভ্রান্তি ছড়াতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top