বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৩৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে চীন। দেশটি ইরানের কাছে অনুরোধ করেছে, এই প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে।

আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওই আলাপচারিতায় তিনি এ আহ্বান জানান।

ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে অবশ্যই সম্মান করতে হবে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছেছে। এখন পরিস্থিতি সংঘাত ও শান্তির মাঝামাঝি অবস্থায় রয়েছে। এই সংকট থেকে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রণালিকে উন্মুক্ত রাখা।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং দুই পক্ষের আলোচনায় ফিরে যাওয়ার উদ্যোগকে চীন পূর্ণ সমর্থন জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বিষয়ে কী জবাব দিয়েছেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানিতে সীমাবদ্ধতার মুখে রয়েছে ইরান। দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, যা ইরানের মোট তেল রপ্তানির বড় অংশই কিনে থাকে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top