‘একসাথে আলাদা’ নিয়ে আসছেন পারসা ইভানা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৩:৫০
একটি মৃতপ্রায়, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্প নিয়ে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। এই ওয়েবফিল্মের মাধ্যমে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী পারসা ইভানা। রেজাউর রহমান পরিচালিত এই ওয়েবফিল্মের ট্রেইলারে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে তাকে।
ওয়েবফিল্মটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।
গল্পে দেখা যাবে, নায়ক-নায়িকা ফারহান ও আমিরা নিজেদের জীবনের বাস্তবতায় দিশেহারা হয়ে পড়ে। তারা বুঝতে পারে না ঠিক কী করা উচিত। সুখ যেন তাদের নাগালের বাইরে—তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও সুখ থাকে বিপরীত দিকে। ফারহান ও আমিরার মানসিক দ্বন্দ্বের পাশাপাশি পরিবার ও সমাজের চাপ—সব মিলিয়ে এগিয়ে চলে গল্প।
চরিত্রটি নিয়ে পারসা ইভানা বলেন, “চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। এটি রোমান্টিক কমেডি হলেও এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা রয়েছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াশ রোহানের সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।”
পরিচালক রেজাউর রহমান বলেন, “এই গল্পটি মূলত বর্তমান সময়ের সম্পর্ককে ঘিরেই। ভালোবাসা থাকলেও ব্যক্তিগত স্বাধীনতা ও কাজের চাপ—সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটি আভাস দিতে চেয়েছি। ইয়াশ ও পারসা দুজনই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটি দর্শকদের ভালো লাগবে।”
নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।