ঢালিউড কিং শাকিব খান এর ‘প্রিন্স’ সিনেমার টিজারে রোমাঞ্চ ছড়াচ্ছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৩:৫৪
আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে যা দেখালেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ঢাকার অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড় বইছে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির টিজারটি শুরু হয় ঢাকার এক গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিব বলেন, “ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে... ভয়ংকর।”
টিজারে দেখা গেছে শাকিবকে লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক মিনিগান নিয়ে। পুরো টিজার জুড়ে আধুনিক মানের অ্যাকশন কোরিওগ্রাফি ফুটে উঠেছে। বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটে শাকিবকে অনেক শত্রুর বিরুদ্ধে লড়তে দেখা গেছে, যা নিখুঁতভাবে পরিবেশিত হয়েছে।
টিজারের ক্লাইম্যাক্সে স্টাইলাইজড মিনিগান দিয়ে গোলার বৃষ্টির দৃশ্য ছিল সবচেয়ে রোমাঞ্চকর। সেখানে গাড়ি উড়ে যাওয়া, আগুনের লেলিহান শিখা এবং নিওন লাইটিং সিনেম্যাটিক আবেদনকে পূর্ণতা দিয়েছে। ডার্ক টোনের ব্যবহার আন্ডারওয়ার্ল্ডের আবহকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছে। বিস্ফোরণ এবং বুলেটের ইমপ্যাক্টও ছিল বাস্তবসম্মত।
টিজারের শেষে শাকিব কিলার লুকে বলেন, “আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো... প্রিন্স।”
কারিগরি দিক থেকেও ‘প্রিন্স’ চমক দিচ্ছে। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ী-কে।
ঈদে বড় পর্দায় রোমাঞ্চ, অ্যাকশন এবং স্টাইলের সংমিশ্রণ দেখানোর প্রতিশ্রুতি নিয়ে আসছে ‘প্রিন্স’।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।