বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

খোলামেলা পোশাক পছন্দ না অভিনেত্রী ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৩:৫৩

সংগৃহীত

গ্ল্যামার জগতের বাসিন্দা হলেও সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ছিলেন লাজুক প্রকৃতির। ক্যারিয়ারের শুরু থেকেই লাইট-ক্যামেরার বাইরে সাধারণ এক তরুণী হিসেবে থাকতে পছন্দ করতেন তিনি। খোলামেলা পোশাক পরতে বরাবরই অনীহা ছিল তার। এমনকি তার মা বৃন্দা রাইও এ ধরনের পোশাক পছন্দ করতেন না।

বর্তমান সময়ে গ্ল্যামার জগতে খোলামেলা পোশাক খুব সাধারণ বিষয় মনে হলেও, নব্বইয়ের দশকের শুরুতে ঐশ্বরিয়া ও তার মায়ের এ বিষয়ে ছিল কড়া আপত্তি। ক্যারিয়ারের শুরুর দিকে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে পিঠখোলা ব্লাউজ পরতে না চাওয়ার কারণে সেখানে চরম দ্বিধা দেখা দিয়েছিল। বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন পরিচালক অবিনাশ ত্রিপাঠী।

পরিচালক জানান, একদিন শুটিংয়ে কোন পোশাকে কেমন লাগবে তা দেখার জন্য ঐশ্বরিয়াকে ডাকা হয়েছিল। পিঠখোলা পোশাক দেখে তিনি আঁতকে উঠেছিলেন এবং বলেন, “আমাকে এটা পরতে হবে?”

অবিনাশ ত্রিপাঠী বলেন, “১৯৯২ সালের দিকে ঐশ্বরিয়া খুবই সাধারণ জীবন যাপন করতেন এবং পারিবারিক মূল্যবোধের বাইরে যেতে চাইতেন না।” ১৯৯২ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার আগে তিনি টুকটাক মডেলিং করতেন। সেই সময়ে বিজ্ঞাপনের শুটিংয়ে সব সময় বাবা-মাকে সঙ্গে নিয়ে আসতেন ঐশ্বরিয়া। এমনকি প্রযোজক শৈলেন্দ্র সিং-এর সঙ্গেও ১৮-১৯ বছর বয়সী ঐশ্বরিয়ার দেখা করার সময় বাবা-মা উপস্থিত থাকতেন।

পরিচালক অবিনাশ ত্রিপাঠী উল্লেখ করেন, ঐশ্বরিয়া তখন এতটাই লাজুক ছিলেন যে, ক্যামেরার সামনে দাঁড়াতেও দ্বিধা বোধ করতেন। তবে কাজের প্রতি তার নিষ্ঠা ছিল প্রশ্নাতীত। সেই সময় একটি ম্যাগাজিনের ক্যাটালগ শুটের জন্য তিনি নামমাত্র পারিশ্রমিক পান। মাত্র দুই বছরের মধ্যে সেই সাধারণ মেয়েটি মিস ওয়ার্ল্ড খেতাব জিতে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন।

সূত্র: আনন্দবাজার

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top