রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

হত্যার মামলায় নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে শুনানি আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন (ডিসচার্জ) নিয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন।

এর আগে ১৫ এপ্রিল নির্ধারিত শুনানি সময়ের আবেদন জানিয়ে পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন আসামি রয়েছেন। এর মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার আছেন। তারা হলেন—

নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ আরও অনেকে। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় সংঘটিত সহিংসতায় ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন। অভিযোগে বলা হয়েছে, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা এবং উসকানিতে এসব হত্যাকাণ্ড ঘটে।

চলতি বছরের ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top