ভোটকেন্দ্রে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় মির্জা আব্বাসের সমর্থিত কিছু কর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, তার ওপর হামলা চালানো হয়েছে। বিশৃঙ্খলার মধ্যে তিনি পড়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসিরুদ্দীন পাটওয়ারী ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তোলেন। তিনি লেখেন, মির্জা আব্বাসের সমর্থকদের মাধ্যমে কেন্দ্রে অনিয়ম চলছে এবং প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা হয়েছে। একই সঙ্গে তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।